পবিত্র রমজানে যানজট নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনভোগান্তি লাঘব এবং রাজধানীর তীব্র যানজট নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে কাল থেকেই শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষা ও কোচিংয়ের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা:
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর পূর্বনির্ধারিত আবাসিক পরীক্ষাগুলো তাদের নিজস্ব শিডিউল অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হতে পারবে। তবে বাংলা ও ইংলিশ মিডিয়াম—উভয় মাধ্যমেই পরিচালিত দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম এই সময়ের মধ্যে সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এই আদেশে আরও জানানো হয়, সরকারি এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুলিপি পাঠানো হয়েছে। নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।