দীর্ঘ নিরবতা ভেঙে সাবেক স্বামী ও সংগীতশিল্পী রবি চৌধুরীর তোলা পরকীয়ার অভিযোগের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাদের বিচ্ছেদের কারণ হিসেবে জনৈক গাড়িচালকের সঙ্গে পরকীয়ার ইঙ্গিত দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ডলি।
মধ্যরাতে দেওয়া ওই স্ট্যাটাসে ডলি সায়ন্তনী রবি চৌধুরীর দাবিকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। তিনি স্পষ্ট করে মনে করিয়ে দেন যে, তাদের বিচ্ছেদের সিদ্ধান্তটি ছিল তার নিজের। ডলি লিখেন, “স্পষ্ট করে বলতে চাই, ডিভোর্স আমিই দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম।”
গাড়িচালকের সঙ্গে সম্পর্কের ইঙ্গিতকে অপমানজনক আখ্যা দিয়ে এই গায়িকা বলেন, তার নীরবতাকে যেন কেউ দুর্বলতা না ভাবে। তিনি আরও জানান যে, সম্মান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা জলঘোলা না করার অনুরোধ জানান। পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে তিনি এই বিতর্কের ইতি টানার প্রত্যাশা ব্যক্ত করেন।
দীর্ঘদিন আগে বিচ্ছেদ হলেও এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের কাদা ছোঁড়াছুড়ি নতুন করে সংগীতাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।