বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকালে হামলার শিকার হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুব নগর এলাকায় প্রতিপক্ষের একদল সন্ত্রাসী সাইফুলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
শজিমেক হাসপাতালে সাইফুলের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনরা বিকেলে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন, কিন্তু পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলের দাবি, জমিজমা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বাবার দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”