মধ্যপ্রাচ্যের হঠাৎ বদলে যাওয়া যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। উদ্ভূত পরিস্থিতিতে দুবাই যাওয়ার পরিকল্পনা বাতিল করে বাধ্য হয়েই তাকে ঢাকার পথ ধরতে হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ও আবেগঘন স্ট্যাটাস শেয়ার করে নুসরাত ফারিয়া তার এই দুঃসহ অভিজ্ঞতার কথা ভক্তদের জানান। ছবিতে দেখা যায়, বিমানবন্দরের লাউঞ্জে বিষণ্ন মুখে বসে আছেন অভিনেত্রী; তার সামনের টেবিলে পাসপোর্ট ও বোর্ডিং পাস রাখা, আর পেছনের টেলিভিশন স্ক্রিনে প্রচারিত হচ্ছে যুদ্ধের খবর। ক্যাপশনে এই দিনটিকে তিনি ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন।
ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়ে ফারিয়া জানান, ঘুম থেকে উঠে যুদ্ধের খবর এবং আকাশপথ বন্ধ হওয়ার বিষয়টি জানার পর মুহূর্তেই সবকিছু অনিশ্চিত হয়ে পড়ে। বিমানবন্দরে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল পৃথিবীটা খুব দ্রুত বদলে যাচ্ছে। সেই সময় প্রচণ্ড মানসিক চাপ ও আতঙ্ক তাকে গ্রাস করেছিল।
এমন প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়লেও বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সাহস পেয়েছেন বলে জানান এই চিত্রনায়িকা। বিশেষ করে ইস্তাম্বুলে অবস্থানরত তার বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা যেভাবে বারবার খোঁজ নিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিত করেছেন, তা তাকে ঘুরে দাঁড়াতে শক্তি দিয়েছে।
সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত ঢাকার ফ্লাইটে উঠতে সক্ষম হয়েছেন নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি দেশের পথে রয়েছেন। ভারাক্রান্ত মন নিয়ে পোস্টের শেষে বিশ্বজুড়ে শান্তি কামনার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “আমি কৃতজ্ঞ। শুধু এটুকুই প্রার্থনা, পৃথিবীটা যেন দ্রুত শান্ত হয়ে ওঠে।”