বগুড়ার সারিয়াকান্দিতে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে পৃথক দুটি ঘটনায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সারিয়াকান্দি থানা, চন্দনবাইশা তদন্ত কেন্দ্র ও সারিয়াকান্দি সেনাবাহিনী ক্যাম্পের যৌথ অভিযানে প্রথম ঘটনায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল মান্নান (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি মো. আব্দুল হামিদ প্রাং-এর ছেলে এবং সারিয়াকান্দি উপজেলার দক্ষিণ হিন্দুকান্দি গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. জয়নাল আবেদীন ওরফে জয়নাল (৩৮) কে আটক করা হয়। তিনি মৃত আমজাদ হোসেনের ছেলে এবং জোড়গাছা (সোনাপুর খুটির মিল সংলগ্ন) এলাকার বাসিন্দা। উভয়েই সারিয়াকান্দি থানাধীন এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের পর তাদের সারিয়াকান্দি থানায় আনা হলে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। পরে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানা সূত্র জানায়, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমন ও প্রতিরোধে থানা পুলিশের পাশে থেকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।