দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছে নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন Team Sherpur (Safe Ride)। সংগঠনটির উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে, খোলা আকাশের নিচে বসবাসরত ছিন্নমূল মানুষ, দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের হাতে সরাসরি কম্বল তুলে দেন Team Sherpur-এর সদস্যরা। শীতের কনকনে ঠান্ডায় যখন সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে, তখন এই মানবিক উদ্যোগ শীতার্তদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
কম্বল বিতরণকালে Team Sherpur-এর এডমিন নাহিদ হাসান নর্থ এক্সপ্রেস নিউজ কে বলেন,
“শীত আসলেই সমাজের সবচেয়ে অবহেলিত মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে পড়ে। অনেকেরই শীত নিবারণের মতো ন্যূনতম সামর্থ্য নেই। Team Sherpur সবসময় চেষ্টা করে মানুষের পাশে থাকতে। আজকের এই কম্বল বিতরণ তারই একটি ছোট প্রয়াস।”

তিনি আরও বলেন,“আমরা বিশ্বাস করি, মানবিক কাজই সবচেয়ে বড় শক্তি। Team Sherpur শুধু Safe Ride-এর মধ্যেই সীমাবদ্ধ নয়—মানুষের প্রয়োজনে আমরা সবসময় মাঠে থাকব। ইনশাআল্লাহ, আগামীতেও এই ধরনের স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ কর্মসূচিতে সংগঠনটির মডারেটর রাব্বি ও রাফি সার্বিকভাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি এক্টিভ মেম্বার মামুন, প্রান্ত, কাওসার, মারুফ, মাহফুজ, মেহেদি, সৈকত, সামিউল, সোহেলসহ Team Sherpur-এর অন্যান্য সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নিজেদের অর্থ, সময় ও শ্রম ব্যয় করে তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

কম্বলপ্রাপ্ত একাধিক শীতার্ত মানুষ জানান, এই শীতে এমন সহায়তা তাদের জন্য বড় উপকার বয়ে এনেছে। তারা Team Sherpur-এর সদস্যদের জন্য দোয়া করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা Team Sherpur-এর মতো সংগঠনগুলো সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। এতে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত হচ্ছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি আরও বিস্তৃত হচ্ছে।
Team Sherpur কর্তৃপক্ষ জানিয়েছে, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আগামীতেও তারা Safe Ride, সড়ক নিরাপত্তা সচেতনতা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।