নওগাঁর বদলগাছীতে গায়ে দগদগে ঘা নিয়ে অসুস্থ কুকুরের অবাধ বিচরণ। এতে আতঙ্কিত এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে শিক্ষার্থীরা।
১৯ অক্টোবর রবিবার,
পর্যবেক্ষণ করে দেখা যায়,
উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বালিকা বিদ্যালয়ে, থানার মোড়ে এবং সরকারি-বেসরকারি বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে এসব অসুস্থ কুকুর ঘোরাফেরা করছে। রাস্তায় চলাচল ও বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় এলাকাবাসী এবং বিশেষ করে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। শরীরের দগদগে ঘা থেকে মাংসে পচন ধরেছে যার তীব্র পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ জনগণ।
শিক্ষার্থীরা জানান, অসুস্থ কুকুরগুলো কখনো টয়লেটে ঢুকে পড়ে, আবার কখনো শ্রেণিকক্ষেও প্রবেশ করে। এতে যেমন এক গা ঘিনঘিনে পরিবেশ তৈরি হয়েছে, তেমনই অসুস্থ কুকুরের ভয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিষয়টি একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।
একজন শিক্ষার্থী বলেন, অসুস্থ কুকুরগুলো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এতে ভয়ংকর দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদ ঘটতে পারে।
এ বিষয়ে বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী বলেন, “বর্তমানে কুকুর নিধনের কোনো নির্দেশনা নেই। তবে কেউ অসুস্থ কুকুর আমাদের কাছে নিয়ে এলে আমরা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করি।”