বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে ‘বি এন পির ৩১ দফা এবং গ্রামীণ জনগোষ্ঠীর ভাবনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ৩১ দফাকে শুধুমাত্র রাজনৈতিক সংস্কার নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের একটি বিস্তৃত রূপরেখা হিসেবে উল্লেখ করেন, যা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছে।
এই আলোচনা সভাটি বিশেষ গুরুত্ব লাভ করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। শেরপুর-ধুনট নির্বাচনী আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে এক মঞ্চে এসেছেন চারজন মনোনয়ন প্রত্যাশী। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা কেএম মাহবুবার রহমান হারেজ-সহ অন্য তিন মনোনয়ন প্রত্যাশী এসময় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় কেএম মাহবুবার রহমান হারেজ বলেন, “বিএনপির ৩১ দফা জনগণের সঙ্গে একটি চুক্তিনামা। এই দফার মাধ্যমে তারেক রহমান দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা দিয়েছেন। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে এখানে বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে।”
মনোনয়ন প্রত্যাশীরা বলেন, জাতীয় স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের মধ্যে কোনো বিভেদ নেই। তারা সবাই মিলেমিশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাদের এই ঐক্যবদ্ধ অঙ্গীকার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গ্রামীণ জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে নিজেদের মতামত ও ভাবনা তুলে ধরেন। বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালুর মতো গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়ন করবে, যা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়।