বগুড়ার শেরপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) বিভাগে নির্বাচিত হয়েছেন শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল আহসান।
গত ১৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রার্থীদের বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়।
মূল্যায়ন শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে মোঃ রবিউল আহসানকে নির্বাচিত করা হয়।
নিজের এ অর্জনের প্রতিক্রিয়ায় মোঃ রবিউল আহসান বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “আমার সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা খাতে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করে থাকে।