মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, শুধু মসজিদের ইমাম-মুয়াজ্জিনই নন, এই কার্যক্রমের আওতায় মন্দিরের পুরোহিত ও সেবাইত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং গির্জার যাজকদেরও মাসিক সম্মানী প্রদান করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রাথমিক পর্যায়ে ৪ হাজার ৯০৮টি মসজিদের পাশাপাশি ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার এবং ৩৯৬টি গির্জার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই সুবিধা পাবেন।
পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম পাবেন ২ হাজার টাকা। মন্দির, বৌদ্ধবিহার এবং গির্জার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৮ হাজার টাকা করে। এর মধ্যে প্রধান ধর্মীয় ব্যক্তি (পুরোহিত/অধ্যক্ষ/যাজক) ৫ হাজার এবং তার সহকারী (সেবাইত/উপাধ্যক্ষ/সহকারী যাজক) ৩ হাজার টাকা করে সম্মানী পাবেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। পর্যায়ক্রমে সারাদেশের সকল নিবন্ধিত উপাসনালয়কে এই সম্মানী কার্যক্রমের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।