“মানবতার সেবায় সবার আগে” এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ছাতুয়া চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গত ২২ মার্চ রোববার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু হাসান, খেওনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ৪৪তম বিসিএস ক্যাডার শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার সেবাই এই সংগঠনের মূল লক্ষ্য। ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাবে তারা। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।