নতুনধারার দৈনিক আমাদের সময়–এর হেড অব অনলাইন হিসেবে যোগ দিলেন অভিজ্ঞ সাংবাদিক বিপুল হাসান। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিপুল হাসান এর আগে আরটিভি, দৈনিক ভোরের কাগজ, মানবজমিন, বাংলানিউজ২৪.কম, পূর্ব–পশ্চিম ডট নিউজ, আনন্দ আলো ও অন্যদিনসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন।
১৯৭৩ সালে নেত্রকোণায় জন্মগ্রহণকারী বিপুল হাসান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সাতারপুর গ্রামের সন্তান। তিনি গুলশান মডেল হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি ও বিকম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতার পাশাপাশি নাট্যচর্চা ও লেখালেখির সঙ্গেও যুক্ত তিনি। একসময় নাট্যদল ‘ঢাকা পদাতিক’-এর সঙ্গে কাজ করেছেন এবং একাধিক নাটক রচনা ও মঞ্চস্থ হয়েছে। এছাড়া তার অনুবাদ প্রকাশিত হয়েছে— ‘নির্বাচিত বব ডিলান’ (বব ডিলানের ৩০টি গানের অনুবাদ) ও ‘ভয়াল ১৩’ (১৩টি বিশ্বখ্যাত হরর গল্পের অনুবাদ সংকলন)।