ঈদের ছুটিতে দেশজুড়ে সহিংসতা, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, গত ২১ মার্চ পবিত্র ঈদের দিন এবং পরবর্তী ছুটিতে সাধারণ মানুষ যখন উৎসব ও ইবাদতে মগ্ন ছিল, ঠিক সেই সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চুয়াডাঙ্গায় ২ জন, সিরাজগঞ্জে ১ জন, বরিশালে ১ জন এবং পাবনায় ১ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে হামলা ও লুটতরাজের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জামায়াত নেতা এই সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য চরম হুমকি।
তিনি আরও বলেন, পবিত্র ঈদের দিনে সাধারণ মানুষের ওপর এ ধরনের হামলা ও জুলুম অতীতে ঘটে যাওয়া দুঃসময় ও স্বৈরাচারী শাসনের কথা মনে করিয়ে দেয়। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী তৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে দাবি করা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত সারাদেশে ২৩ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার মধ্যে জামায়াতের ৩ জন নেতাকর্মীও রয়েছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পুনরায় জোর দাবি জানানো হয়েছে।