আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য নবনির্মিত শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গত রাত থেকেই দেশের সব ফিলিং স্টেশনে চাহিদানুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। ফলে বর্তমানে তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো সম্ভাবনা নেই। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, তেলের দোহাই দিয়ে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। যদি কোনো পরিবহন মালিক বা শ্রমিক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করেন, তবে অভিযোগ পাওয়ামাত্রই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে মন্ত্রী আরও জানান, ঈদযাত্রায় ফিটনেসবিহীন কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।