আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর প্রায় ৩টার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এবং গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতূনসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের জানান, শারীরিক অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তিনি বর্তমানে ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া তার আঙুলের ছাপ প্রদান করেছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “এই আসনে বিএনপি থেকে আরও একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। বগুড়ার প্রায় সব আসনেই দল দুটি করে প্রার্থী রেখেছে।”
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলায় অবস্থিত। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকেই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি এ আসন থেকে বিজয় লাভ করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি এ আসনে ২ লাখ ৩২ হাজার ৭৬১ ভোট অর্জন করেন।
তবে প্রতিবার নির্বাচিত হওয়ার পর তিনি আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এসব উপনির্বাচনে তিনবারই বিজয়ী হন তার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
২০০৮ সালের এক উপনির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করলে জাতীয় পার্টির মোহাম্মদ আলতাফ আলী সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হলে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনকে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়নও বাতিল হলে শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি।
সবশেষ ২০২৪ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা আলম বিজয়ী হন।
দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় এবার আবারও বগুড়া-৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।