বগুড়ার নবগঠিত উপজেলা মোকামতলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে”।
জেলা প্রশাসন জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। ইউনিয়ন দুটির নাম স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ নিয়ে বিভ্রান্তিও দেখা দেয়। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন। ইউনিয়নের নামকরণ নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে তিনি নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত এবং দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে।
নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। স্থানীয় লোকজনের দাবি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে ‘মীরবাড়ি ইউনিয়ন’ নামকরণ করা হয়েছে। একইভাবে তার দুই ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুসারে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম রাখা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নামে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে নামকরণ নিয়ে বিতর্ক চলমান থাকলেও বৃহস্পতিবার (১৮ জুন) চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মীরবাড়ি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান, স্বর্ণগ্রাম ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।