দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এদিন তাঁর কার্যসূচির অন্যতম প্রধান আকর্ষণ হলো ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’-এর কর্মপরিকল্পনা চূড়ান্ত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে কার্ডের মাধ্যমে উপকারভোগী নির্বাচন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। উল্লেখ্য, গত এক দশকের প্রথা ভেঙে এখন থেকে সচিবালয়ে নিয়মিত অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি বাসভবন ‘যমুনা’র সংস্কার কাজ চলায় সাময়িকভাবে তিনি সচিবালয় থেকেই রাষ্ট্র পরিচালনা করছেন।
এদিন বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী এনএসআই, ডিজিএফআই এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বিকেলের অধিবেশনে ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘নদী-খাল খনন’ বিষয়ক আরও দুটি গুরুত্বপূর্ণ সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।