স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর থেকে ক্রমাগত সমালোচনার মুখে থাকা অভিনেতা যাহের আলভী এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে নিজের নীরবতা ভেঙেছেন। বুধবার (৪ মার্চ) দেওয়া ওই পোস্টে তিনি ইকরার স্মৃতিচারণ করার পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ ও বন্ধুদের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন।
পোস্টে আলভী তার স্ত্রীকে আদর করে ‘ইকলি’ সম্বোধন করে লেখেন, “আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত? তোকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করত?” তিনি অভিযোগ করেন, যারা আজ তাদের সন্তানের ভবিষ্যতের কথা বলে মায়া কান্না করছে, তারাই আবার ইকরাকে সামাজিকভাবে ‘এক্সপোজ’ করে তার সম্মানহানি করছে।
নিজের বন্ধুদের ওপর ক্ষোভ উগরে দিয়ে আলভী আরও লেখেন, “তখনো কি আমার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাত?” পোস্টের শেষ দিকে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে লেখেন, খুব শীঘ্রই কোনো এক পাহাড়ের চূড়ায় বসে ইকরার কাছ থেকে এসব প্রশ্নের উত্তর শুনে নেবেন তিনি। আলভীর এই রহস্যময় ‘পাহাড়ের চূড়ায় দেখা হওয়ার’ কথাটি অনেক ভক্তের মনে শঙ্কা ও বিভ্রান্তি তৈরি করেছে।
ইকরার রহস্যজনক মৃত্যুর পর থেকেই আলভীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন ইকরার পরিবার ও বন্ধুদের একাংশ। এই পরিস্থিতির মধ্যেই আলভীর এমন পোস্ট আগুনের ঘি ঢালার মতো কাজ করেছে। ভক্তদের কেউ কেউ তার প্রতি সমবেদনা জানালেও, বড় একটি অংশ তার এই পোস্টকে ‘সহানুভূতি পাওয়ার কৌশল’ হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করছেন।